২৪ঘন্টা অনলাইন: ঈদে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের চলচ্চিত্র ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা অবলম্বনে নির্মিত এই সিনেমা নিয়ে এবার মুগ্ধতা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে স্পর্শিয়া বলেন, “সব গান যেমন সবার জন্য নয়, তেমনি সব চলচ্চিত্রও সবার জন্য নয়। ‘বনলতা সেন’ অনেকের ভালো লাগবে, আবার অনেকের নাও লাগতে পারে। তবে আমার বিশ্বাস, ছবিটি ইতিহাসে জায়গা করে নেবে।”
সম্প্রতি সিনেমাটি দেখার অভিজ্ঞতা তুলে ধরে তিনি নাম ভূমিকায় অভিনয় করা নাবিলার প্রশংসা করেন। স্পর্শিয়ার ভাষায়, “পরিচালকের কল্পনার বনলতা সেন আর আমাদের মনে গড়ে ওঠা বনলতার সঙ্গে নাবিলা অসাধারণভাবে মানিয়ে গেছেন। তিনি সত্যিই এক অনন্য সৌন্দর্যের অধিকারী।”
অভিনেতা সোহেল মণ্ডলের অভিনয়েরও প্রশংসা করেন স্পর্শিয়া। জীবনানন্দ দাশের কবিতার পঙক্তি উল্লেখ করে তিনি বলেন, সোহেল মণ্ডল বাংলাদেশের অভিনয়জগতের গুরুত্বপূর্ণ সম্পদ। বিশেষ করে সিনেমার শেষের দৃশ্যগুলো তাকে নিজের কৈশোরের আবেগ ও অনুভূতির কাছে ফিরিয়ে নিয়ে গেছে।
চলচ্চিত্রটির নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতি ভালোবাসা জানিয়ে স্পর্শিয়া বলেন, তিনি কোনো সমালোচক হিসেবে নয়, একজন সাধারণ দর্শক হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
সবশেষে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করা খায়রুল বাসারের ভূয়সী প্রশংসা করেন তিনি। স্পর্শিয়া বলেন, “বর্তমান সময়ে জীবনানন্দকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারলে সেটা খায়রুল বাসারই। তার কণ্ঠ, অভিব্যক্তি, সাহিত্যচর্চা এবং ব্যক্তিত্ব তাকে একজন অসাধারণ শিল্পীতে পরিণত করেছে। ভবিষ্যতে তাকে আরও বেশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে চাই।”
উল্লেখ্য, ‘বনলতা সেন’ বর্তমানে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।
