২৪ঘণ্টা অনলাইন: ইসলামী ব্যাংকের আরডিএস (রুরাল ডেভেলপমেন্ট স্কিম) প্রকল্পের অর্থ বিতরণ নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তার দাবি, নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে বিপুল পরিমাণ অর্থ বিতরণ করা হয়েছে।
৯ জুন সংসদে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্রঋণ দেওয়ার জন্য চালু করা আরডিএস প্রকল্প থেকে মোট ২২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে নির্বাচনের আগে ১১ হাজার কোটি টাকা বিতরণ করা হলেও ওই অর্থের পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, প্রকল্পের আওতায় অনেক নারীকে ১০ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়েছিল, যা ভোটে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকতে পারে।
এছাড়া তিনি অভিযোগ করেন, ব্যাংকটির ঋণ কার্যক্রম ও জনবল ব্যবস্থাপনায় নানা অনিয়ম হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানকে নিয়মের বাইরে ঋণ প্রদান, হাজারো দক্ষ কর্মীকে চাকরিচ্যুত করা এবং রাজনৈতিক বিবেচনায় নতুন নিয়োগ ও পদোন্নতির ঘটনাও সংসদে তুলে ধরেন তিনি।
তিনি বলেন, এসব অভিযোগের বিষয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করা প্রয়োজন।
