২৪ঘণ্টা অনলাইন: জনপ্রিয় ভারতীয় র্যাপার ও সংগীতশিল্পী বাদশার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যময়ী নারীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন তিনি।
শেয়ার করা ছবিতে দেখা যায়, সবুজ প্রান্তরের মধ্যে এক নারীর হাত ধরে দাঁড়িয়ে আছেন বাদশা। তবে ছবিতে নারীর মুখ দেখা যায়নি, কারণ তিনি ক্যামেরার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে ছিলেন। ছবির ক্যাপশনে বাদশা লেখেন, “মহাবিশ্বের মানুষকে আপনার জীবনে নিয়ে আসার এক অদ্ভুত উপায় রয়েছে।”
পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। অনেকের ধারণা, ছবির ওই নারী হতে পারেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির, যার সঙ্গে দীর্ঘদিন ধরেই বাদশার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। সামাজিক মাধ্যমে অসংখ্য ভক্ত মন্তব্য করে জানতে চেয়েছেন, ছবির নারীটি আসলেই হানিয়া কি না।
তবে অন্য একটি অংশের ধারণা, এটি হয়তো কোনো নতুন মিউজিক ভিডিও বা বিশেষ প্রকল্পের প্রচারণার অংশ হতে পারে। এ বিষয়ে বাদশা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
এরই মধ্যে পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে বাদশার গোপন বিয়ের গুঞ্জনও বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সম্প্রতি ইশা রিখির মায়ের শেয়ার করা কিছু ছবি ও ভিডিওতে বিয়ের মতো আয়োজনের দৃশ্য দেখা যাওয়ায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে।
ফলে রহস্যময়ী নারীর ছবি, হানিয়া আমিরকে ঘিরে গুঞ্জন এবং ইশা রিখির সঙ্গে বিয়ের খবর—সব মিলিয়ে বাদশার ব্যক্তিগত জীবন এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
