শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নতুন নাটক নিয়ে শিল্পকলায় ৮ দিনব্যাপী উৎসব

প্রকাশিত - ১০ জুন, ২০২৬   ১১:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মঞ্চে দিনাজপুর নাট্য সমিতির ‘চোরের নাম চরনদাস’, প্রথম দিন মঞ্চায়িত হবে নাটকটি। ‘নতুন নাটক, নতুন সময়—মঞ্চে জাগুক মানুষের কথা’ প্রতিপাদ্যে শুরু হতে যাচ্ছে ৮ দিনব্যাপী নাট্যোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হল মিলনায়তনে ১২ জুন থেকে ১৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এ আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিষয়টি জানিয়েছে একাডেমি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালে প্রথম মঞ্চায়িত নাটকগুলো থেকে নির্বাচিত প্রযোজনা নিয়ে এই উৎসব সাজানো হচ্ছে। আট দিনের এ উৎসবে মোট আটটি নাটক মঞ্চায়িত হবে। প্রথম দিন থেকে যথাক্রমে থাকছে দিনাজপুর নাট্য সমিতির ‘চোরের নাম চরনদাস’, ইয়াং বংহুং থিয়েটারের ‘রিনা পুং’, দৃশ্যকাব্যের ‘ইডিপাস’, হান্ট থিয়েটারের ‘ক্যাফে দ্যা ভলতে’, প্রাচ্যনাটের ‘ব্যতিক্রম ও নিয়ম’, ঢাকা থিয়েটারের ‘রঙমহাল’, নাট্যায়ন সিলেটের ‘মহাকালের অন্তর্যাত্রা’ ও শব্দ থিয়েটারের ‘দি গ্রেট স্মাগলার’।

প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে মঞ্চায়ন। উপভোগ করা যাবে দর্শনীর বিনিময়ে। তবে এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে বসবে বাংলা নাটকের গানের অনুষ্ঠান। সেটা বিনামূল্যে উপভোগ করা যাবে।

এই উৎসবের অংশ হিসেবে থাকছে উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য বিশেষ কর্মশালা। 'সমকালীন বিশ্ব বাস্তবতায় নাট্যসৃজন: দর্শন, নন্দন ও কৃৎকৌশল' শীর্ষক এই কর্মশালা ১৫ থেকে ১৯ জুন জাতীয় নাট্যশালায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। কর্মশালায় তরুণ নির্মাতাদের নাট্যপ্রযোজনার দর্শন, নন্দনতত্ত্ব ও নির্মাণকৌশল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন