শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পুশইন ইস্যুতে জামালপুর সীমান্তে ফের উত্তেজনা

প্রকাশিত - ১০ জুন, ২০২৬   ১১:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ১০ জুন বিকেলে সীমান্ত এলাকায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ব্যক্তিকে সীমান্তের শূন্যরেখায় রেখে যায় বিএসএফ সদস্যরা।

এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো পক্ষই ওই ব্যক্তিকে নিজেদের দায়িত্বে নিতে সম্মত হয়নি। ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বাড়ে।

বিকেলের দিকে সীমান্তসংলগ্ন এলাকায় দুই দেশের কিছু নাগরিকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, সীমান্তে মাঝে মধ্যেই পুশইনের চেষ্টা করা হচ্ছে, যা উত্তেজনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিবি।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করতে উভয় দেশের নাগরিকদের অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন