শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছাবে শিক্ষার আলো: ববি হাজ্জাজ

প্রকাশিত - ১০ জুন, ২০২৬   ১১:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দেশের প্রত্যন্ত, দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সফল শিক্ষা উদ্যোগগুলো জাতীয় পর্যায়ে সম্প্রসারণের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

১০ জুন রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ঘরে শিক্ষা ও দক্ষতার আলো পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সফল ও উদ্ভাবনী শিক্ষা কার্যক্রমকে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, জলবায়ু সহনশীল শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে নৌকাভিত্তিক বিদ্যালয় বা ভাসমান স্কুল মডেল ইতোমধ্যে কার্যকারিতা প্রমাণ করেছে। এই অভিজ্ঞতাকে দেশের অন্যান্য অনুরূপ অঞ্চলে ছড়িয়ে দিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে।

ববি হাজ্জাজ বলেন, কোনো উদ্যোগ গ্রহণের চেয়ে সেটিকে সফলভাবে বাস্তবায়ন করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। সরকার আগামী দিনে কার্যকর শিক্ষা প্রকল্পগুলোকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণে সহায়তা করতে চায়।

অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষা খাতে অবদানের জন্য ইউনেস্কোকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কারপ্রাপ্ত সিধুলাই স্বনির্ভর সংস্থাকে অভিনন্দন জানান।

এ সময় গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি সুসান ভাইজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন