২৪ঘণ্টা অনলাইন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং দূতাবাসের সেবার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। একই সঙ্গে অবৈধ অভিবাসন রোধ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সক্রিয় রয়েছে। বিদেশে কোনো বাংলাদেশির মৃত্যু হলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ, প্রয়োজনীয় সহায়তা এবং মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
অবৈধ অভিবাসন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বিশেষ করে লিবিয়া ও ভূমধ্যসাগরীয় রুটে দালালচক্রের মাধ্যমে ঝুঁকিপূর্ণ যাত্রা রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো ‘মাইগ্রেশন উইং’ চালু করা হয়েছে। এই ইউনিট অভিবাসনসংক্রান্ত সংকট মোকাবিলা এবং বিদেশে থাকা বাংলাদেশিদের সহায়তায় কাজ করছে।
তিনি জানান, প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস নিয়মিত কনস্যুলার ক্যাম্প আয়োজন করছে। পাশাপাশি জরুরি সহায়তার জন্য ২৪ ঘণ্টার হটলাইনও চালু রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিভিন্ন দেশে আটক বাংলাদেশিদের মুক্তি ও দেশে ফেরাতে দূতাবাসগুলো সক্রিয়ভাবে কাজ করছে। ইতোমধ্যে কয়েকশ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
দূতাবাসে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, বিশ্বের ৮১টি বাংলাদেশ মিশনকে প্রবাসীদের সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে।
শামা ওবায়েদ বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের নিরাপত্তা, সেবা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি আশা প্রকাশ করেন, চলমান উদ্যোগগুলো ভবিষ্যতে আরও ইতিবাচক ফল বয়ে আনবে।
