শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

৫৪ বছরের বাজেটে অর্থমন্ত্রীদের আলোচিত বক্তব্য

প্রকাশিত - ১১ জুন, ২০২৬   ১১:০৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: স্বাধীন বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট উপস্থাপনের প্রাক্কালে গত ৫৪ বছরের বাজেট ইতিহাসে অর্থমন্ত্রীদের বিভিন্ন বক্তব্য আবারও আলোচনায় এসেছে। দেশের অর্থনীতি, রাজনীতি, উন্নয়ন ও সংস্কার নিয়ে বাজেট বক্তৃতায় দেওয়া এসব মন্তব্য সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাসের অংশ হয়ে গেছে।

বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ১৯৭২ সালে স্বাধীন দেশের প্রথম বাজেট উপস্থাপন করেন। তার বাজেট বক্তৃতায় সততা, নিয়মানুবর্তিতা ও দুর্নীতিবিরোধী অবস্থানের ওপর জোর দেওয়া হয়েছিল।

১৯৭৬-৭৭ অর্থবছরের বাজেটে তৎকালীন প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান অপচয় ও সম্পদের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সঞ্চয়ী মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান তার বিভিন্ন বাজেট বক্তৃতায় দুর্নীতি, নিম্ন প্রবৃদ্ধি এবং রাষ্ট্রীয় বিনিয়োগের সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা মন্তব্য করে ব্যাপক আলোচনার জন্ম দেন। তিনি সর্বাধিক ১২ বার বাজেট উপস্থাপনের কৃতিত্ব অর্জন করেন।

অন্যদিকে শাহ এ এম এস কিবরিয়া অর্থনৈতিক সংস্কার ও প্রবৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বেশ কিছু স্মরণীয় বক্তব্য দেন। আর আবুল মাল আবদুল মুহিত আশাবাদী দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক বক্তব্যের কারণে বারবার আলোচনায় আসেন। তিনিও মোট ১২টি বাজেট পেশ করেন।

২০১৯ সালে আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট উপস্থাপনের সময় অসুস্থ হয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পক্ষে বাজেট বক্তৃতা পাঠ করেন, যা বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। পরবর্তী সময়ে বিদেশে থাকা সম্পদ বৈধ করার প্রস্তাবও ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কালো টাকা বৈধ করার প্রস্তাব নিয়ে সমালোচনা হয়। একই বছর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট ঘটনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আগের বছরের তুলনায় ছোট আকারের বাজেট উপস্থাপন করেন। তিনি প্রবৃদ্ধিকেন্দ্রিক চিন্তার পরিবর্তে মানুষের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

১১জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। এটি হবে দেশের ৫৫তম বাজেট এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট, যা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন