২৪ঘণ্টা অনলাইন: দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে পারমাণবিক বিদ্যুৎ খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও রাশিয়া।
মস্কো সফরকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভের-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ দুই দেশের চলমান সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন,রূপপু র পারমাণবিক বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, ২০২৬ সালের মে মাসে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। এখন জাতীয় গ্রিডে সংযোগ এবং বাণিজ্যিক উৎপাদন শুরুর জন্য রাশিয়ার কারিগরি সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন।
জবাবে রোসাটম প্রধান জানান, প্রথম ইউনিটকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার কাজ দ্রুত সম্পন্ন হবে। পাশাপাশি প্রকল্পের দ্বিতীয় ইউনিট আগামী গ্রীষ্মের মধ্যে চালুর সম্ভাবনাও রয়েছে।
বৈঠকে ভবিষ্যৎ জ্বালানি চাহিদা মোকাবিলায় ক্ষুদ্র মডুলার রিয়্যাক্টর (এসএমআর) প্রযুক্তি এবং ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া বাংলাদেশে দক্ষ পারমাণবিক প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরিতে প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় জনবলকে দক্ষ করে তুলতে পারলে রূপপুর প্রকল্প পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
রোসাটম এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
