২৪ঘণ্টা অনলাইন: মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত অভিনীত নতুন ছবি ‘মা বেহেন’ ৪ জুন নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ছবিটি ইতোমধ্যে স্ট্রিমিং প্ল্যাটফর্মটির গ্লোবাল নন-ইংলিশ চলচ্চিত্র তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
ছবির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মাধুরী দীক্ষিত বলেন, দর্শকরা গল্প, চরিত্র এবং পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়েনের সঙ্গে নিজেদের সংযুক্ত করতে পারছেন বলেই ছবিটি এতটা জনপ্রিয়তা পাচ্ছে।
ছবিতে মাধুরীর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ত্রিপ্তি দিমরি। তার অভিনীত ‘জয়া’ চরিত্রের একটি আবেগঘন মনোলগ বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। তৃপ্তি জানান, দৃশ্যটির জন্য তিনি দীর্ঘ সময় প্রস্তুতি নিয়েছিলেন এবং চরিত্রটির মানসিক অবস্থাকে গভীরভাবে বোঝার চেষ্টা করেছেন।
পরিচালক সুরেশ ত্রিবেণী-এর নির্মাণে ছবির গল্প আবর্তিত হয়েছে এক মধ্যবিত্ত পরিবারকে ঘিরে। একক মা রেখা এবং তার দুই মেয়ের জীবনে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনার পর শুরু হয় হাস্যরস, রহস্য ও নাটকীয়তায় ভরা এক ভিন্নধর্মী যাত্রা।
সমালোচক ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে ‘মা বেহেন’ শিগগিরই নেটফ্লিক্সের গ্লোবাল তালিকার শীর্ষস্থানেও পৌঁছাতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
