শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল

প্রকাশিত - ১১ জুন, ২০২৬   ০৭:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা আসতে পারে জাতীয় বাজেটে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানা গেছে। তবে নতুন পে-স্কেল একযোগে নয়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম ধাপে আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হতে পারে। পুরো বেতন কাঠামো বাস্তবায়নে তিন অর্থবছর সময় লাগতে পারে।

নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে জনসেবা খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখার পরিকল্পনা করেছে সরকার। প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ হতে পারে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল বরাদ্দের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

তবে এই অর্থের সবটুকু শুধু বেতন বৃদ্ধিতে ব্যয় হবে না। এর মধ্যে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বেতন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি এবং পেনশনভোগীদের অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।

নতুন পে-স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বস্তি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন