শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নৌবাহিনীর স্থাপনা ঘুরে দেখলেন প্রতিরক্ষা উপদেষ্টা

প্রকাশিত - ১১ জুন, ২০২৬   ০৮:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দেশের সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা গবেষণা ও জাহাজ নির্মাণ সক্ষমতা পর্যালোচনায় চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

১১ জুন তিনি নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ সেন্টার, সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি) এবং চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) ঘুরে দেখেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন।

নৌবাহিনী সূত্র জানায়, আইএফএফ সেন্টার আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের সমুদ্রসীমায় চলাচলকারী জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ ও বিশ্লেষণের কাজ করছে। অন্যদিকে সিএনআরডিতে ড্রোন প্রযুক্তি, জ্বালানি পরিশোধন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পরে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করে প্রতিষ্ঠানটির জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন প্রতিরক্ষা উপদেষ্টা। তিনি প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নে এ প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন এবং দক্ষতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া তিনি কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড ও ওয়েস্টার্ন মেরিন লিমিটেডও পরিদর্শন করেন। সেখানে চলমান প্রকল্প, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

পরিদর্শন শেষে দেশের সামুদ্রিক নিরাপত্তা, জাহাজ নির্মাণ শিল্প এবং প্রতিরক্ষা খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন