শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ফুটবলে মাতল জঙ্গল সলিমপুর

প্রকাশিত - ১১ জুন, ২০২৬   ০৯:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দীর্ঘদিন নানা সামাজিক ও আইনশৃঙ্খলা ইস্যুতে আলোচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এবার ভিন্ন এক আয়োজন করেছে জেলা পুলিশ। শিক্ষার্থীদের নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা নামে দুটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ।

১১ জুন বিকেলে আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ব্যতিক্রমী ম্যাচের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সীতাকুণ্ড থানার সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নামে শিক্ষার্থীরা। খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও প্রাণবন্ত উপস্থিতি।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও দলগত মনোভাব গড়ে তোলে। পাশাপাশি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

জেলা পুলিশ জানায়, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষার্থী-বান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।

রোমাঞ্চকর এ প্রীতি ম্যাচে ব্রাজিল দলকে ৪-১ গোলে হারিয়ে জয় তুলে নেয় আর্জেন্টিনা। আয়োজনটি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। তারা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন