২৪ঘণ্টা অনলাইন: ফিফা বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে শুরু হয়েছে উন্মাদনা। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরকে ঘিরে দেশি তারকাদের মধ্যেও চলছে দল-প্রীতি ও পছন্দের দল নিয়ে আলোচনা।
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক। লিওনেল মেসিকে ঘিরেই তার ফুটবল ভালোবাসা গড়ে উঠেছে বলে বিভিন্ন সময় জানিয়েছেন তিনি। ২০২৪ সালে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে কোপা আমেরিকার ম্যাচ সরাসরি মাঠে বসে উপভোগ করেন এবং আর্জেন্টিনার শিরোপা জয়ের সাক্ষী হন।
মেহজাবীন এক সাক্ষাৎকারে বলেন, মেসির খেলা তাকে সবসময় টানে এবং প্রথমবার বাংলাদেশে আসার সময় থেকেই তার খেলার প্রতি আগ্রহ তৈরি হয়।
অন্যদিকে, মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরীও আর্জেন্টিনার ভক্ত হিসেবে পরিচিত হচ্ছেন। সম্প্রতি তিনি আর্জেন্টিনা দলের জার্সি পরে ছবি প্রকাশ করেন এবং নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মালাইকা লেখেন, “আমি একটু বেশিই এক্সাইটেড! কে জিতবে বিশ্বকাপ?”
তার এই পোস্টে ভক্ত-অনুসারীরাও মন্তব্যে নিজেদের পছন্দের দল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
উল্লেখ্য, মালাইকাকে সর্বশেষ দেখা গেছে ঈদের নাটক ‘অভিযান’-এ, যেখানে তার সঙ্গে আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী অংশ নেন।
