২৪ঘণ্টা অনলাইন: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর খুচরা বাজারে ডিম, ব্রয়লার মুরগি ও মাছের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। বিক্রেতারা বলছেন, এসব পণ্যের ওপর নতুন কোনো কর বা শুল্ক আরোপ না হওয়ায় বাজার স্বাভাবিক রয়েছে।
১২ জুন রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট, রায়ের বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঈদের পর থেকে যে দামে পণ্য বিক্রি হচ্ছে, এখনও তা প্রায় অপরিবর্তিত রয়েছে।
বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫৫ থেকে ১৬০ টাকা, সোনালি মুরগি ৩৪০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও বড় ধরনের পরিবর্তন নেই। পাঙাশ ১৮০-২০০ টাকা, তেলাপিয়া ২০০-২৩০ টাকা, রুই ২৬০-৩৫০ টাকা এবং অন্যান্য মাছও আগের দামের কাছাকাছি বিক্রি হচ্ছে।
রায়ের বাজারের এক বিক্রেতা জানান, বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত পাইকারি বা খুচরা পর্যায়ে কোনো মূল্যবৃদ্ধির চাপ তৈরি হয়নি। ফলে আগের দামেই বিক্রি করা হচ্ছে।
মোহাম্মদপুরের মাছ ব্যবসায়ী ফিরোজ মিয়া বলেন, ঈদের পর মাছের বাজার কিছুটা স্বাভাবিক হয়েছে এবং বাজেট ঘোষণার কারণে এখনো কোনো প্রভাব দেখা যায়নি।
ক্রেতারাও বলছেন, ডিম, মাছ ও মুরগির বাজার বর্তমানে তুলনামূলক স্থিতিশীল রয়েছে। তবে ভবিষ্যতে বাজার পরিস্থিতি সরবরাহ ও ব্যবসায়িক আচরণের ওপর নির্ভর করবে বলে মনে করছেন তারা।
