শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জাতীয় ইস্যুতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে কক্সবাজার

প্রকাশিত - ১৩ জুন, ২০২৬   ১২:০৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন কক্সবাজার সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ সফরে স্থানীয় কোনো দাবি নয়, বরং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

১২ জুন চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম কক্সবাজার সফর। এ উপলক্ষে জেলার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও আনন্দের সৃষ্টি হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কাছে লবণের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ এবং কক্সবাজারে ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্সভিত্তিক একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলে ধরা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এসব দাবি শুধু কক্সবাজারের নয়, জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে সম্পর্কিত। সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, দীর্ঘদিনের দাবির পর মাতামুহুরী নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রীর সফরকালে নতুন উপজেলা ও থানা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পাশাপাশি পেকুয়া পৌরসভা প্রতিষ্ঠার উদ্যোগও বাস্তবায়নের পথে রয়েছে।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন। সেখানে উন্নয়ন, সুশাসন ও জনগণের প্রত্যাশা পূরণে সরকারের অঙ্গীকার তুলে ধরা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন