শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জনগণের কল্যাণেই নতুন বাজেট: তারেক রহমান

প্রকাশিত - ১৩ জুন, ২০২৬   ১১:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে কৃষকসহ দেশের সব মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন বাজেট জনগণের কল্যাণে প্রণয়ন করা হয়েছে এবং এর সুফল সাধারণ মানুষ ভোগ করবে।

১৩ জুন রাতে কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “কয়েকদিন আগে আমরা নতুন বাজেট উপস্থাপন করেছি। যারা দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করেন, তারা এই বাজেটকে ইতিবাচক হিসেবে দেখছেন। এটি জনগণের বাজেট, কৃষক ও সাধারণ মানুষের বাজেট।”

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো বা প্রত্যাহারের মাধ্যমে জনগণের জীবনযাত্রার ব্যয় কমানোর চেষ্টা করা হয়েছে। তবে কিছু মহল রাজনৈতিক কারণে এ বাজেটের সমালোচনা করছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, গত দুই দশকে কক্সবাজারের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব বহুগুণে বেড়েছে। মাতারবাড়ী বন্দর চালু হলে এ অঞ্চলের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। সেই বাস্তবতায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ৪ লেন থেকে ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং দ্রুতই এ প্রকল্পের কাজ শুরু হবে।

তিনি জানান, আনোয়ারা-পটিয়া-বাঁশখালী সড়ক সম্প্রসারণের প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে, যা দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের লবণ চাষিরা দীর্ঘদিন ধরে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ সমস্যা সমাধানে সরকার শিগগিরই লবণের ন্যূনতম মূল্য নির্ধারণ করবে, যাতে চাষিরা তাদের উৎপাদনের যথাযথ মূল্য পান।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান কক্সবাজার সফরে যান। সফরে তিনি পিএমখালীর ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এছাড়া পেকুয়ায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত, নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন তিনি।

চকরিয়ার জনসভা শেষে কক্সবাজারে একটি সুধী সমাবেশে যোগ দিয়ে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন