২৪ঘণ্টা অনলাইন: ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরুর পর এবার সামাজিক উদ্যোগেও নজর কাড়লেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তেলেঙ্গানার প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় বিশেষ বৃত্তি কর্মসূচি চালু করেছেন তারা।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের ঘুম্মানপেটা গ্রাম সফর করেন এই তারকা জুটি। গ্রামটি বিজয়ের বাবার জন্মস্থান হওয়ায় এর সঙ্গে তার আবেগের সম্পর্কও রয়েছে। সেখানকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ দিতে ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচিত ১৮০ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেন বিজয়। পোস্টে তিনি জানান, নবম ও দশম শ্রেণির মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি এটিকে একটি বৃহত্তর সামাজিক আন্দোলনের সূচনা বলেও উল্লেখ করেন।
এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবারগুলোর উদ্দেশে বিজয় বলেন, ছোট পরিসরে শুরু হলেও এই উদ্যোগ তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ গ্রামের শিক্ষার্থীদের মাধ্যমে শুরু করে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজ করার স্বপ্ন দেখছেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত রাশমিকা মান্দানাও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী তারা শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ শুরু করেছেন। তিনি জানান, শ্বশুরের গ্রামের শিক্ষার্থীদের দিয়েই এই যাত্রার সূচনা করতে পেরে তিনি আনন্দিত।
এদিকে সামাজিক উদ্যোগের পাশাপাশি পেশাগত জীবনেও একসঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। শিগগিরই ‘রানাবলি’ নামের নতুন একটি চলচ্চিত্রে জুটি হিসেবে পর্দায় ফিরছেন তারা। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
