২৪ঘণ্টা অনলাইন: প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৫ জুন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে পাঠিয়ে ঘটনার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র অসন্তোষ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন এবং এ ঘটনায় সরকারের উদ্বেগ ও অসন্তোষ তুলে ধরেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং ঘটনার পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষে পরবর্তী করণীয় জানানো হবে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ঘটনার বিস্তারিত তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।
জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে রোববার দিল্লি যান জাহেদ উর রহমান। দুই দিনব্যাপী ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দিতে বিলম্ব করে। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কূটনৈতিক চ্যানেলে আগেই তার সফরের বিষয়ে ভারতকে অবহিত করা হয়েছিল।
পরে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে প্রবেশের অনুমতি দেওয়া হলেও ঘটনার প্রতিবাদ হিসেবে জাহেদ উর রহমান দিল্লিতে প্রবেশ না করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। কলম্বো হয়ে সোমবার দুপুরে তিনি ঢাকায় পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবারই আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জাহেদ উর রহমানের সফর ও বৈঠকে অংশগ্রহণের বিষয়টি অবহিত করেছিল।
