শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দুর্নীতিতে শীর্ষে রাজনীতিবিদ, দ্বিতীয় আমলা

প্রকাশিত - ১৬ জুন, ২০২৬   ১০:৪৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দুর্নীতি দমন কমিশন (দুদক)কে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি দাবি করেছেন, দেশে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হলে দুদককে স্বাধীন ও শক্তিশালী করা জরুরি। ১৫ জুন জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, দুর্নীতি বিষয়ে তথ্য খুঁজতে গিয়ে তিনি গুগলে অনুসন্ধান করেছিলেন। সেখানে রাজনীতিবিদ ও আমলাদের দুর্নীতির সঙ্গে সবচেয়ে বেশি সম্পৃক্ত পেশা হিসেবে উল্লেখ করা হয়েছে বলে তিনি দাবি করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি ও প্রশাসনিক কাঠামোয় দীর্ঘদিন ধরে দুর্নীতির নানা অভিযোগ বিদ্যমান।

বক্তব্যে তিনি অতীতের বিভিন্ন আলোচিত দুর্নীতির ঘটনা, ব্যাংক খাতের অনিয়ম, অর্থ পাচার, ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ আত্মসাৎ, সরকারি কেনাকাটা ও নিয়োগে অনিয়মের প্রসঙ্গও তুলে ধরেন। পাশাপাশি স্বাস্থ্যখাতসহ বিভিন্ন খাতে দুর্নীতির অভিযোগের কথাও উল্লেখ করেন।

রুমিন বলেন, গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর মানুষের প্রত্যাশা ছিল দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী ও স্বাধীন করা হবে। অন্তর্বর্তী সরকার এ লক্ষ্যে একটি সংশোধনী অধ্যাদেশের উদ্যোগ নিলেও তা এখনো আইনে পরিণত হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তার ভাষ্য অনুযায়ী, দুদককে আরও ক্ষমতাবান করা হলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের অনেকের জন্য তা অস্বস্তিকর হতে পারে। এ কারণেই প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করার ক্ষেত্রে সরকারগুলো প্রয়োজনীয় উদ্যোগ নিতে আগ্রহ দেখায় না বলে তিনি অভিযোগ করেন।

দুদকের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বাধীন ও জবাবদিহিমূলক করার সুযোগ থাকলেও সরকার সেই পথে হাঁটেনি।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দুদককে একটি স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন