২৪ঘণ্টা অনলাইন : দেশের দুর্গম, নদীভাঙনপ্রবণ ও হাওরাঞ্চলের শিশুদের জন্য নতুন শিক্ষার সুযোগ তৈরি করতে ব্র্যাক আরো তিনটি নতুন অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা নৌকা চালু করেছে। পরিবেশ, ডিজিটাল প্রযুক্তি ও ইতিহাসভিত্তিক এই তিনটি নৌকা যুক্ত হওয়ায় শিক্ষা নৌকার সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়টিতে। প্রথম তিনটি নৌকার বিষয় ছিল বিজ্ঞান, গণিত এবং মূল্যবোধভিত্তিক শিক্ষা।
১৫ জুন ২০২৬ নারায়ণগঞ্জের কদম রাসুল দরগাহ মাঠে ব্র্যাকএর নির্বাহী পরিচালক আসিফ সালেহ আনুষ্ঠানিকভাবে নৌকাগুলোর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আসিফ সালেহ বলেন, শুধু মুখস্থনির্ভর শিক্ষা শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যা সমাধানে সক্ষম করে না। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুদের বিজ্ঞান, প্রযুক্তি ও বাস্তব অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা প্রয়োজন।
নতুন নৌকাগুলোর মধ্যে পরিবেশ নৌকায় শিশুরা জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে হাতে-কলমে শিখতে পারবে। ডিজিটাল নৌকায় রয়েছে অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, রোবটিক্স ও ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল শিক্ষার সুযোগ। অন্যদিকে ইতিহাস নৌকায় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান, কৃত্রিম খনন, গল্পভিত্তিক প্রদর্শনী ও মানচিত্রভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিশুদের বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করানো হবে।
ব্র্যাকএর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান বলেন, এই নৌকাগুলো শিশুদের কল্পনাশক্তি বিকাশে সহায়তা করবে এবং তাদের নতুন নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করাবে।
ভোলা থেকে সুনামগঞ্জ পর্যন্ত ১৬ জেলার ৭৭টি স্থানে ইতোমধ্যে এই শিক্ষা নৌকাগুলো কার্যক্রম পরিচালনা করেছে। এ পর্যন্ত ৭৯ হাজার ১৮৫ জন শিক্ষার্থী এসব কার্যক্রমে অংশ নিয়েছে এবং ৪৬২ জন নারী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ পেয়েছেন।প্রতিটি নৌকা সাধারণত একটি এলাকায় ৭ থেকে ১০ দিন অবস্থান করে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে। শিশুদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও এসব কার্যক্রমে অংশ নিতে পারেন।
এই উদ্যোগ শুধু শিক্ষাকে আনন্দময় ও বাস্তবমুখী করে তুলছে না, বরং নদীকে শিক্ষার পথে একটি নতুন সম্ভাবনার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করছে।
