২৪ঘণ্টা অনলাইন: দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে হওয়া এ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪.৪ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর অঞ্চলে। এর কেন্দ্রস্থল ঢাকা থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। কম্পনের তীব্রতা তুলনামূলক কম হওয়ায় দেশের বিভিন্ন স্থানে মৃদু ঝাঁকুনি অনুভূত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হঠাৎ ভূকম্পনের কারণে কিছু এলাকায় মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়। তবে এখন পর্যন্ত হতাহত বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছিল, ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি।
এছাড়া ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ভুটানকে কেন্দ্র করে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে বাংলাদেশের প্রায় সব অঞ্চল কেঁপে ওঠে। সেই কম্পন কয়েক সেকেন্ড ধরে অনুভূত হয়েছিল।
স্বল্প সময়ের ব্যবধানে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সক্রিয়তার কারণে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে মাঝেমধ্যেই মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প সংঘটিত হচ্ছে।
