শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

উজানের ঢলে ফুলে উঠছে তিস্তা

প্রকাশিত - ২০ জুন, ২০২৬   ১০:২১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। ফলে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে।

২০ জুন সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১০ মিটার। সেখানে বিপৎসীমা নির্ধারিত রয়েছে ৫২ দশমিক ১৫ মিটার, অর্থাৎ পানি বর্তমানে বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, পানির চাপ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে, যাতে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করা যায়।

স্থানীয়রা জানান, ভারতের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে পাহাড়ি ঢল নেমে এসেছে। এর প্রভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের নদীতীরবর্তী এলাকাগুলোতে প্রভাব ফেলতে শুরু করেছে।

পানি আরও বৃদ্ধি পেলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের চর ও নিম্নভূমি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি জানান, সকাল ৬টার দিকে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে উজানের পরিস্থিতি স্বাভাবিক থাকলে দুপুরের পর পানি কিছুটা কমে আসতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন