২৪ঘণ্টা অনলাইন: ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শোতে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ পেয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। আগামী সোমবার হায়দরাবাদের একটি আদালতে তাকে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সম্প্রতি এ ঘটনায় করা তদন্তের প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পুলিশ। তদন্তে দাবি করা হয়েছে, আল্লু অর্জুন প্রেক্ষাগৃহে আসবেন—এ তথ্য আগে থেকেই জানা থাকলেও দর্শকদের নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ।
পুলিশের জমা দেওয়া চার্জশিটে আল্লু অর্জুন ছাড়াও তার ব্যক্তিগত ব্যবস্থাপক, কয়েকজন স্টাফ, আটজন বাউন্সার এবং প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিট গ্রহণের পর আদালত সংশ্লিষ্ট সবাইকে তলব করেছে। আগামী সপ্তাহ থেকেই মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর এই ঘটনার জেরে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে একই দিন তেলেঙ্গানা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলে তিনি মুক্তি পান। যদিও আইনি প্রক্রিয়ার কারণে তাকে এক রাত পুলিশ হেফাজতে থাকতে হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। প্রিয় তারকাকে দেখতে সেখানে হাজারো ভক্তের সমাগম ঘটে। একপর্যায়ে অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ি শুরু হলে রেবতী নামে এক নারী পদদলিত হয়ে মারা যান।
এ ঘটনায় তার ৯ বছর বয়সী ছেলে তেজ গুরুতর আহত হয়। দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সে সুস্থতার পথে ফিরলেও ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
