২৪ঘণ্টা অনলাইন: জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির কন্যা ও তরুণ গায়িকা রোদেলার একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় বিভ্রান্তি। ছবিতে রোদেলার কোলে একটি শিশুকে দেখা যাওয়ায় অনেকেই ধারণা করেন, তিনি মা হয়েছেন।
১৯জুন নিজের ফেসবুক পেজে শিশুসহ একটি ছবি পোস্ট করেন রোদেলা। ছবির ক্যাপশনে তিনি লেখেন ‘আলহামদুলিল্লাহ’। এরপরই মন্তব্যের ঘরে অনেকে নানা ধরনের প্রশ্ন ও অনুমান করতে থাকেন।
বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে ২০ জুন আরেকটি পোস্ট দেন রোদেলা। সেখানে তিনি তার মামা ও শিশুটির সঙ্গে একটি ছবি শেয়ার করে জানান, শিশুটি তার মামাতো বোন।
তিনি লেখেন, আগের ছবিটি নিয়ে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তা পরিষ্কার করতেই এই ব্যাখ্যা দেওয়া হচ্ছে।
এরপর অনেক অনুসারী মন্তব্যে জানান, বিষয়টি পরিষ্কার হওয়ায় তাদের বিভ্রান্তি কেটে গেছে। তবে অনেকে মনে করেন, প্রথম পোস্টে বিষয়টি স্পষ্ট থাকলে এমন ভুল বোঝাবুঝি তৈরি হতো না।
উল্লেখ্য, ন্যানসির প্রথম সংসারের মেয়ে রোদেলা নিজেও সংগীতজগতে সক্রিয়। মায়ের মতো সুরেলা কণ্ঠে গান করে ইতোমধ্যে তিনি শ্রোতাদের মধ্যে পরিচিতি পেয়েছেন। মা-মেয়ে একসঙ্গে ‘কেন’ শিরোনামের একটি গানও প্রকাশ করেছিলেন, যা গত বছরের জুলাইয়ে প্রকাশ পায়।
