শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

লন্ডনে হাসনাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত - ২১ জুন, ২০২৬   ১২:৩৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যের লন্ডনে মামলা দায়েরের ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দলটির দাবি, এটি তাদের নেতাদের বিরুদ্ধে পরিকল্পিত হয়রানির অংশ।

১৯ জুন লন্ডনের কেমব্রিজ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় হাসনাত আবদুল্লাহ ছাড়াও এনসিপির নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

২০ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে এনসিপি ইউকে অ্যালায়েন্স। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমর্থকদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে হাসনাত আবদুল্লাহ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে মামলা করা হয়েছে।

এনসিপির দাবি, মামলায় অভিযোগ করা হয়েছে যে হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করেছেন। তবে দলটি এ অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মামলার অন্যতম আসামি জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে। একই সঙ্গে যুক্তরাজ্যে আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং জননিরাপত্তার ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে বলেও দাবি করা হয়েছে।

এনসিপি বলেছে, অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর বক্তব্য এবং যুক্তরাজ্যজুড়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার মতবিনিময় কর্মসূচিকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে দলটির নেতারা মনে করছেন, এসব উদ্যোগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো প্রভাব ফেলবে না।

এ বিষয়ে মামলার অভিযোগ ও পাল্টা অভিযোগের সত্যতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন