শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিনিয়োগ বাড়াতে বাধা দূর করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

প্রকাশিত - ২১ জুন, ২০২৬   ১১:৫১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দীর্ঘদিন ধরে বন্ধ ও লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে আগ্রহী দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০ জুন রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিনিয়োগ রোড-শোতে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমরা চাই আপনারা এগিয়ে যান, সমৃদ্ধ হোন। বিনিয়োগের ক্ষেত্রে সরকার আপনাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।”

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তাফা জুলফিকার হাসান (হাসান শিপলু) জানান, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এই রোড-শোর আয়োজন করে। বন্ধ ও অকার্যকর রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক সরকারের অন্যতম দায়িত্ব হলো বিনিয়োগ ও ব্যবসার পথে থাকা প্রতিবন্ধকতা দূর করা এবং চ্যালেঞ্জ মোকাবিলার সুযোগ তৈরি করা। তবে তিনি উল্লেখ করেন, সরকারের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়।

তার ভাষায়, “বাস্তবতা হলো আমরা একসঙ্গে সব সমস্যার সমাধান করতে পারব না। কিন্তু পরিকল্পিতভাবে ও ধাপে ধাপে এগোলে সেগুলোর সমাধান সম্ভব।”

তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা আলোচনা শেষে প্রধানমন্ত্রী সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “সমস্যা আছে, চ্যালেঞ্জও আছে। কিন্তু আমরা বুঝতে পেরেছি, সবাই একসঙ্গে কাজ করলে এসব বাধা অতিক্রম করা সম্ভব। আসুন, আমরা সবাই মিলে পরিবর্তন আনি।”

অনুষ্ঠানে বিনিয়োগকারীদের সামনে ৪৪টি রাষ্ট্রায়ত্ত কারখানার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এতে কারখানাগুলোর অবস্থান, বিদ্যমান অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিনিয়োগ সুবিধা এবং উৎপাদন সম্প্রসারণের সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পরে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ী প্রতিনিধিরা প্রায় ৫০টি প্রশ্ন উত্থাপন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেসব প্রশ্নের উত্তর দেন এবং বিনিয়োগ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা প্রদান করেন।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে প্রাণ-আরএফএল, এসিআই, ওয়ালটন, মেঘনা গ্রুপ, স্কয়ার, ট্রান্সকম, আকিজ ও ব্র্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি জাপানের কয়েকটি বড় করপোরেশন, আর্থিক প্রতিষ্ঠান এবং কূটনৈতিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন