শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিসিএসে ১০০ নম্বরের ভাইভা পদ্ধতি বহাল রাখছে সরকার

প্রকাশিত - ২১ জুন, ২০২৬   ০৭:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মৌখিক পরীক্ষার নম্বর ১০০-ই বহাল থাকবে বলে জাতীয় সংসদে জানানো হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতেও ভাইভা পরীক্ষার নম্বর আর পরিবর্তন করা হবে না।

২১ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম কার্যদিবসে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আব্দুল বারী।

তিনি বলেন, বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যেই পূর্বে ২০০ নম্বর থেকে কমিয়ে ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে, যা এখন স্থায়ীভাবে বহাল থাকবে।

মন্ত্রী আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারি করা বিশেষ প্রজ্ঞাপন অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিধিমালা সংশোধনের মাধ্যমে ভাইভা পরীক্ষার নম্বর কাঠামো পুনর্নির্ধারণ করা হয়।

তার তথ্য অনুযায়ী, চলমান ৪৭তম বিসিএস থেকেই ১০০ নম্বরের নতুন কাঠামোতে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিশেষ বিসিএস হিসেবে অনুষ্ঠিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, সংশোধিত বিধিমালা অনুযায়ী আসন্ন ৫০তম বিসিএসসহ পরবর্তী সব বিসিএস পরীক্ষায়ও এই ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি কার্যকর থাকবে।

সরকারের প্রত্যাশা, এই সিদ্ধান্তের ফলে বিসিএস নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত ও বৈষম্যহীন হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন