শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নাশকতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন

প্রকাশিত - ২২ জুন, ২০২৬   ০৪:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে ঢাকাসহ ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২২ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।

এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের সুরক্ষার স্বার্থে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সোমবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এসব এলাকায় সেনা মোতায়েন কার্যকর থাকবে। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন