২৪ঘণ্টা অনলাইন: রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় ২২ জুন রাত ৯টা ২৮ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে বাসা ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর মিরপুর এলাকার ৭ কিলোমিটারের মধ্যে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভূমিকম্পের পর কিছু সময়ের জন্য সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
