শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চন্দ্রশেখরের ছেলে থেকে ‘থালাপতি’ বিজয়

প্রকাশিত - ২২ জুন, ২০২৬   ১১:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা থালাপতি বিজয় আজ ২২ জুন ৫৩ বছরে পা রাখলেন। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি শুধু সফল অভিনেতা হিসেবেই নয়, কোটি ভক্তের হৃদয়ের মানুষ এবং পরবর্তীতে রাজনৈতিক নেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জন্মদিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই তারকা।

চেন্নাইয়ে ১৯৭৪ সালের ২২ জুন জন্মগ্রহণ করেন সি. জোসেফ বিজয়, যিনি সবার কাছে থালাপতি বিজয় নামেই পরিচিত। তার বাবা খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা এস এ চন্দ্রশেখর এবং মা গায়িকা শোভা চন্দ্রশেখর। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ থাকলেও শুরুতে ছেলেকে অভিনেতা হিসেবে দেখতে চাননি তার বাবা। তবে রূপালি পর্দার প্রতি ভালোবাসাই শেষ পর্যন্ত বিজয়কে অভিনয়ের জগতে নিয়ে আসে।

১৯৮০-এর দশকে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তিনি। ১৯৯২ সালে ‘নালাইয়া থিরপু’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক হলেও শুরুটা ছিল কঠিন। প্রথম ছবির ব্যর্থতা ও সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাকে। তবে ১৯৯৬ সালে ‘পুভে উনাক্কাগা’ মুক্তির পর বদলে যায় দৃশ্যপট। এরপর ‘কাধালুক্কু মারিয়াধাই’, ‘ঘিল্লি’, ‘পোক্কিরি’, ‘থুপ্পাক্কি’, ‘মাস্টার’, ‘লিও’ ও ‘গোট’-এর মতো একের পর এক সফল সিনেমা তাকে তামিল চলচ্চিত্রের শীর্ষ তারকায় পরিণত করে।

‘থালাপতি’ উপাধির পেছনেও রয়েছে ভক্তদের ভালোবাসা। ১৯৯০-এর দশকে ‘ইলাইয়া থালাপতি’ নামে পরিচিতি পাওয়া বিজয় পরবর্তীতে কেবল ‘থালাপতি’ নামেই সমাদৃত হন। তামিল ভাষায় যার অর্থ নেতা বা সেনাপতি। সময়ের সঙ্গে এই নামই তার পরিচয়ের অংশ হয়ে ওঠে।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব, নম্রতা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতার জন্যও প্রশংসিত হয়েছেন বিজয়। চলচ্চিত্র অঙ্গনের অনেকেই তাকে তামিল সিনেমার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করেন।

সিনেমার গণ্ডি পেরিয়ে ২০২৪ সালে রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন বিজয়। ‘তামিলাগা ভেটরি কাজাগাম’ (টিভিকে) নামে দল গঠন করে তিনি নতুন অধ্যায়ের সূচনা করেন। অভিনয়জীবনের জনপ্রিয়তাকে জনসেবার কাজে লাগানোর ঘোষণা দিয়ে রাজনীতিতে সক্রিয় হন এই তারকা।

চন্দ্রশেখরের ছেলে হিসেবে যাত্রা শুরু করা বিজয় আজ কোটি মানুষের কাছে ‘থালাপতি’। সংগ্রাম, সাফল্য ও জনপ্রিয়তার দীর্ঘ পথ পেরিয়ে তিনি দক্ষিণ ভারতের বিনোদন অঙ্গনের এক অনন্য নাম হয়ে উঠেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন