শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হরমুজ পেরিয়ে সরবরাহে স্বস্তি

প্রকাশিত - ২৩ জুন, ২০২৬   ০৯:১৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও ইউরিয়া, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং সালফারের মতো কৃষিখাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সার ও কাঁচামাল বহনকারী চারটি কার্গো জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এতে ভারতীয় কৃষি ও শিল্প খাতে প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা অনেকটাই কমেছে।


জানা গেছে, গত সপ্তাহে হরমুজ প্রণালী অতিক্রম করা জাহাজগুলো বর্তমানে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। এর মধ্যে একটি জাহাজ কৃষ্ণপত্তনম বন্দরে, একটি কাকিনাড়া বন্দরে, একটি পারাদ্বীপ বন্দরে এবং অপরটি মুন্দ্রা বন্দরে পৌঁছানোর পথে রয়েছে।


বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি, রাসায়নিক পণ্য ও শিল্প কাঁচামাল পরিবহন করা হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে রপ্তানিকৃত সার ও সারের কাঁচামালের বড় একটি অংশও এই পথ ব্যবহার করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পৌঁছে। ফলে এ অঞ্চলে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা নৌ চলাচলে বিঘ্ন ঘটলে তা সরাসরি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে প্রভাব ফেলে।


বিশেষজ্ঞদের মতে, ইউরিয়া, ডিএপি ও সালফার কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এসব পণ্যের সরবরাহে বিলম্ব হলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাজারে সারের দামও বেড়ে যেতে পারে। তাই চারটি কার্গো জাহাজের নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করাকে ইতিবাচক খবর হিসেবে দেখা হচ্ছে।


বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের সরবরাহ নিয়ে যখন অনিশ্চয়তা বিরাজ করছে, তখন গুরুত্বপূর্ণ সারবাহী এসব জাহাজের গন্তব্যের দিকে নির্বিঘ্নে অগ্রসর হওয়া কৃষি ও বাণিজ্য খাতের জন্য স্বস্তির বার্তা এনে দিয়েছে। বিশেষ করে আসন্ন মৌসুমে কৃষকদের কাছে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে এ চালানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন