বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও সহায়ক জাহাজের রক্ষণাবেক্ষণ ও মেরামত সক্ষমতা বাড়াতে মোংলায় ‘শিপ ডকিং অ্যান্ড রিপেয়ার ফ্যাসিলিটি (মোংলা স্লীপওয়ে)’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
২৪ জুন বানৌজা মোংলায় আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, আধুনিক এই ফ্যাসিলিটি চালু হলে যুদ্ধজাহাজ ও সহায়ক জাহাজের ডকিং, রক্ষণাবেক্ষণ এবং মেরামত কার্যক্রম আরও দ্রুত, কার্যকর ও ব্যয়-সাশ্রয়ী হবে। একই সঙ্গে বিদেশি ও বেসরকারি স্থাপনার ওপর নির্ভরতা কমে আসবে এবং জাহাজগুলোর সার্বক্ষণিক অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা সহজ হবে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন স্লীপওয়ে চালু হলে নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ জনবল ব্যবহারের সুযোগ বাড়বে। ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত মেরামত ও রক্ষণাবেক্ষণ সম্ভব হবে, যা জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প দেশের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের বিকাশেও সহায়ক হবে। পাশাপাশি সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
নৌবাহিনীর কর্মকর্তারা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে যুদ্ধজাহাজের কার্যকারিতা ও প্রস্তুতি আরও বাড়বে এবং জাতীয় প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা অর্জনের পথে বাংলাদেশ এক ধাপ এগিয়ে যাবে।
ম ম রবি
