২৪ঘণ্টা অনলাইন: দেশের প্রেক্ষাগৃহে দর্শকপ্রিয়তা অর্জনের পর এবার উত্তর আমেরিকার দর্শকদের সামনে আসছে মেজবাউর রহমান সুমনের আলোচিত চলচ্চিত্র ‘রইদ’। ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩১টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে।
উত্তর আমেরিকায় সিনেমাটির পরিবেশনার দায়িত্বে থাকা বায়োস্কোপ ফিল্মস প্রদর্শনীর সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, নিউইয়র্ক, নিউ জার্সি, ফিলাডেলফিয়া, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, কানসাস, টেনেসি, ওহাইও, ওকলাহোমা, মিশিগান, অ্যারিজোনা, ইলিনয়, ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।
ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ‘রইদ’। গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়ের জন্য ছবিটি ইতোমধ্যে আলোচনায় এসেছে। একই সঙ্গে বক্স অফিসেও ইতিবাচক সাড়া পেয়েছে সিনেমাটি।
পৌরাণিক উপাদান ও সমকালীন বাস্তবতার সমন্বয়ে নির্মিত রূপকধর্মী গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।
দেশে সাফল্যের পর আন্তর্জাতিক অঙ্গনে ‘রইদ’-এর এই যাত্রা চলচ্চিত্রটির জন্য নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
