শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শেষ বিদায়ে মুস্তাফা মনোয়ারকে শ্রদ্ধা

প্রকাশিত - ৩০ জুন, ২০২৬   ০৩:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: নন্দিত চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক টেলিভিশন কর্মকর্তা মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে ভিড় করেন সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। মঙ্গলবার সকালে সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, নাট্যকার সহ সংস্কৃতি ও গণমাধ্যমের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা।

জানাজা শেষে মুস্তাফা মনোয়ারের কর্মময় জীবন ও অবদানের কথা স্মরণ করেন অনেকে। নাট্যকার ম হামিদ বলেন, তার টেলিভিশন জীবনের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন মুস্তাফা মনোয়ার। তিনি জানান, প্রশাসন ক্যাডারে চাকরির সুযোগ পেয়েও মুস্তাফা মনোয়ারের পরামর্শে টেলিভিশন জগতে আসেন এবং সারা জীবন সেই সিদ্ধান্তকে উপভোগ করেছেন।

ম হামিদের ভাষায়, বিটিভির বর্তমান ও সাবেক অসংখ্য কর্মকর্তা-কর্মচারী কোনো না কোনোভাবে মুস্তাফা মনোয়ারের ছাত্র। প্রতিষ্ঠানটির বিকাশ ও সমৃদ্ধির পেছনে তার অবদান ছিল অসাধারণ।

তিনি আরও বলেন, টেলিভিশন ও শিল্প-সংস্কৃতির জগতের এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, যিনি কোনো না কোনোভাবে মুস্তাফা মনোয়ারের কাছ থেকে শেখেননি। তিনি ছিলেন সবার বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক।

বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন শিল্প-সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রায় সব ক্ষেত্রেই তার অবদান রয়েছে। বিটিভির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন।

বিটিভি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে মুস্তাফা মনোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা গ্রহণের পর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নেওয়া হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন