২৪ঘণ্টা অনলাইন: ২০২৬ ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে জার্মানির বিদায় মেনে নিতে পারছেন না অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তবে প্রিয় দলের এই হতাশাজনক পরিণতির পরও জার্মানির প্রতি নিজের ভালোবাসা ও সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
জার্মানির বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির জার্সি পরা একটি ছবি শেয়ার করেন স্পর্শিয়া। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করলেও সমর্থন থেকে সরে না যাওয়ার কথা জানান।
স্পর্শিয়া লেখেন, ‘হারো, ভালো খেলে হারো। হারো, বড় দলের কাছে হারো। এভাবেই হতাশ করতে থাকো, তবুও আমি সমর্থন করে যাব। ফুটবল বোঝার পর থেকেই জার্মানিকে ভালোবাসি।’
তিনি আরও বলেন, একদিন জার্মানি আবারও তাদের হারানো গৌরব ফিরে পাবে। অতীতের সাফল্যমণ্ডিত প্রজন্মের মতো দলটি নতুন করে বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থান শক্ত করবে বলেও আশা প্রকাশ করেন এই অভিনেত্রী।
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় জার্মানি। তবে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলের সমতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
জার্মানির বিদায়ে বিশ্বজুড়ে অসংখ্য সমর্থকের মতোই মন খারাপ স্পর্শিয়ার। তবু তার বিশ্বাস, প্রিয় দল একদিন আবারও বিশ্ব ফুটবলে নিজেদের সোনালি অধ্যায় ফিরিয়ে আনবে।
