২৪ঘন্টা অনলাইন : ১ জুলাই সারা দেশে ব্যাংক হলিডে। কোনো ব্যাংকিং লেনদেন হবে না। একই কারণে বন্ধ থাকবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও।
প্রতি বছর ১ জুলাই ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ চূড়ান্ত করে। অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি হয় এই দিনে। তাই দিনটিকে ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।
গ্রাহকসেবা বন্ধ থাকলেও কিছু কার্যালয় খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ কিছু শাখা চালু থাকবে। সেখানে চলবে প্রশাসনিক ও হিসাব-সংক্রান্ত কাজ।
শেয়ারবাজার বন্ধ থাকার কারণটাও সহজ। পুঁজিবাজারের বেশিরভাগ লেনদেন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হয়। ব্যাংক বন্ধ থাকলে শেয়ার কেনাবেচাও সম্ভব নয়।
উল্লেখ্য, প্রতি বছর ৩১ ডিসেম্বরও একইভাবে ব্যাংক হলিডে পালন করা হয়। সেদিন বার্ষিক হিসাব ও আর্থিক প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন হয়।
