শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পদ্মা সেতুর টোলে ঋণ পরিশোধ ২,৫১৬ কোটি টাকা

প্রকাশিত - ৩০ জুন, ২০২৬   ১০:৩৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পদ্মা সেতু চালুর পর থেকে ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত সেতু দিয়ে ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল বাবদ মোট ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা রাজস্ব আদায় হয়েছে।

৩০ জুন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদায় করা টোল থেকে সরকারের কোষাগারে ঋণের ১৬টি কিস্তিতে মোট ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।

সংস্থাটি জানায়, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পরদিন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়া পদ্মা সেতু দেশের যোগাযোগ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির জন্য সরকারকে ৩৫ বছরের মধ্যে সুদসহ মোট ৩৬ হাজার কোটি টাকা পরিশোধ করার চুক্তি রয়েছে।

এ পর্যন্ত পরিশোধ করা ১৬টি কিস্তির কোনো বকেয়া নেই বলেও জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এছাড়া টোল আদায় থেকে ভ্যাট বাবদ ৪৩৬ কোটি ৭ লাখ টাকার বেশি অর্থ সরকারের কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সেতু কর্তৃপক্ষের আশা, বর্তমান হারে টোল আদায় অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের সব ঋণ পরিশোধ করা সম্ভব হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন