শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চলমান: শামা ওবায়েদ

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৬   ০১:০৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

১ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে নতুন কোনো আপডেট নেই। তবে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে এবং সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “যিনি অপরাধ করে অন্য দেশে অবস্থান করছেন এবং আদালতের রায়ে দণ্ডিত হয়েছেন, তাকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। জনগণেরও এ বিষয়ে প্রত্যাশা রয়েছে।”

পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছরে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করছে।

তিনি জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনতে বাংলাদেশ ইতোমধ্যে ১০টি দেশের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, অর্থ ফেরত আনার বিষয়টি দীর্ঘমেয়াদি ও জটিল প্রক্রিয়া। এটি তাৎক্ষণিকভাবে সম্পন্ন হওয়ার মতো নয়। তবে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি, আলোচনা এবং সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ এ ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে।

তিনি আশা প্রকাশ করেন, চলমান কূটনৈতিক ও আইনি প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আরও সফলতা আসবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন