২৪ঘণ্টা অনলাইন : তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নয়াগন’ অবশেষে মুক্তির পথে। দীর্ঘ সেন্সর জটিলতা কাটিয়ে ছবিটি শিগগিরই ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি) থেকে চূড়ান্ত ছাড়পত্র পেতে পারে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে সিনেমাটির সেন্সর সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হতে পারে।
সিনেমাটির প্রযোজক এবং কেভিএন প্রডাকশনসের প্রতিষ্ঠাতা ভেঙ্কট কে নারায়ণ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই দর্শকরা ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছেন। তবে কিছু আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় মুক্তি পিছিয়ে যায়।
তার ভাষ্য, গত বছরের ডিসেম্বরে সেন্সর বোর্ডের কাছে সার্টিফিকেটের জন্য আবেদন করা হয়েছিল। প্রাথমিক পর্যালোচনায় কয়েকটি দৃশ্য সম্পাদনার সুপারিশ করে বোর্ড এবং ছবিটিকে ‘ইউ/এ ১৬+’ শ্রেণিভুক্ত করার সিদ্ধান্ত নেয়।
সে অনুযায়ী চলতি বছরের ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছিল। কিন্তু পরে পর্যালোচনা কমিটির এক সদস্য ছবির কয়েকটি দৃশ্য নিয়ে আপত্তি তোলেন। বিষয়টি সিবিএফসি চেয়ারম্যান প্রসূন জোশীর নজরে আনা হলে সার্টিফিকেট প্রক্রিয়া স্থগিত করে মামলাটি পুনর্বিবেচনার জন্য রিভিশন কমিটিতে পাঠানো হয়।
সেন্সর প্রক্রিয়ায় বিলম্বের বিরুদ্ধে নির্মাতারা প্রথমে মাদ্রাজ হাইকোর্ট এবং পরে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেন। পাশাপাশি দেশটির নির্বাচনী আচরণবিধির সময়কালও ছাড়পত্র পেতে বিলম্বের একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এইচ. বিনোদ পরিচালিত ‘জন নয়াগন’-এ বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল ও মামিতা বাইজু। সিনেমাটি মুক্তির আগেই এর কিছু অংশ অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার ঘটনাও আলোচনার জন্ম দেয়।
রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার ঘোষণা দেওয়ার পর এটি বিজয়ের শেষ চলচ্চিত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহও তুঙ্গে রয়েছে।
