শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শিল্পী সমিতির নেতৃত্বে শিবা-জয়

প্রকাশিত - ০৪ জুলাই, ২০২৬   ১০:৩১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে অভিনেতা জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কামাল মো. কিবরিয়া লিপু। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সমিতির ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা শুরু হয় এবং দীর্ঘ প্রক্রিয়া শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়। শনিবার ভোরে প্রকাশিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান পান ১৭৩ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে বিএফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। দুটি পূর্ণাঙ্গ প্যানেল—‘আরমান-মুক্তি পরিষদ’ এবং ‘শিবা শানু-জয় চৌধুরী পরিষদ’—নিয়ে জমে ওঠে নির্বাচনী প্রচারণা। প্রার্থীদের প্রচার, মতবিনিময় ও ভোটারদের অংশগ্রহণে সরব ছিল দেশের চলচ্চিত্রাঙ্গন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন