শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সুজানকে ৪০০ কোটি দেওয়ার দাবি ‘মিথ্যা’

প্রকাশিত - ০৪ জুলাই, ২০২৬   ১১:১৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউড অভিনেতা হৃতিক রোশন ও তার সাবেক স্ত্রী সুজান খানের বিচ্ছেদ ঘিরে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি গুঞ্জনকে মিথ্যা বলে দাবি করেছেন সুজানের বোন ফারাহ খান আলি। তিনি জানিয়েছেন, বিচ্ছেদের পর হৃতিকের কাছ থেকে সুজান ৪০০ কোটি রুপি খোরপোশ নিয়েছিলেন—এমন দাবি পুরোপুরি ভিত্তিহীন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গহনা ডিজাইনার ফারাহ খান আলি বলেন, হৃতিক ও সুজানের বিচ্ছেদ হয়েছিল পারস্পরিক সম্মতি ও পরিপক্বতার সঙ্গে। তাদের বিচ্ছেদে কোনো খোরপোশের বিষয় ছিল না।

তিনি বলেন, “আজও যখন শুনি সুজান নাকি ৪০০ কোটি রুপি পেয়েছেন, তখন খারাপ লাগে। কারণ এটি সম্পূর্ণ মিথ্যা। সুজান হৃতিকের কাছ থেকে কোনো অর্থ নেননি।”

ফারাহ জানান, বিচ্ছেদের পরও দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। হৃতিকের বাবা-মা রাকেশ রোশন ও পিঙ্কি রোশনের সঙ্গে সুজানের সম্পর্ক এখনো সৌহার্দ্যপূর্ণ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট রয়েছে।

২০০০ সালের ২০ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন হৃতিক রোশন ও সুজান খান। প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৪ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। সে সময় বলিউডের অন্যতম আলোচিত এই বিচ্ছেদকে ঘিরে নানা গুঞ্জনের জন্ম হয়, যার মধ্যে ৪০০ কোটি রুপি খোরপোশের দাবি সবচেয়ে বেশি আলোচিত ছিল।

ফারাহ আরও জানান, সে সময় তিনি সুজানকে প্রকাশ্যে এ বিষয়ে কথা বলার পরামর্শ দিলেও সুজান তা করেননি। তার মতে, অন্যরা কী ভাবছে বা বলছে, তা নিয়ে তিনি কখনোই মাথা ঘামাননি। তাই গুঞ্জনের জবাব দেওয়ার প্রয়োজনও মনে করেননি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন