২৪ঘণ্টা অনলাইন: বলিউড অভিনেতা আমির খান আজ জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন তিনি। তবে তারকাদের জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে একেবারে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এই বিয়ের অনুষ্ঠান।
ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রোববার মুম্বাইয়ে আমির খানের নিজ বাসভবনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং অল্প কয়েকজন সহকর্মীসহ প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন।
জানা গেছে, বিয়ের আয়োজন থেকে শুরু করে অতিথি আপ্যায়নের বিভিন্ন বিষয় নিজেরাই তদারকি করেছেন আমির ও গৌরী। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা রাখা হয়েছে।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমির খানের তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান। এছাড়া পরিচালক আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানিসহ চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন ঘনিষ্ঠজন আমন্ত্রণ পেয়েছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে আমির খান নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন। তিনি জানান, খুব সীমিত পরিসরে এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে দিনটি উদযাপন করতে চান তারা।
প্রায় ২৫ বছরের পরিচয়ের সূত্রে গড়ে ওঠা বন্ধুত্ব কয়েক বছর আগে নতুন মোড় নেয়। পরে সেই সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে জনসমক্ষে পরিচয় করিয়ে দেন আমির।
গৌরী স্প্র্যাট পেশায় একজন উদ্যোক্তা এবং লাইফস্টাইল খাতের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনের বিভিন্ন কাজেও সম্পৃক্ত রয়েছেন।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিল। দুই সংসারের সন্তানদের সঙ্গেও তিনি ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।
দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আজ নতুন জীবনের পথে হাঁটছেন আমির খান ও গৌরী স্প্র্যাট।
