শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বৈরী আবহাওয়ায় বন্ধ ট্রলার, দুশ্চিন্তায় পরীক্ষার্থী

প্রকাশিত - ০৫ জুলাই, ২০২৬   ১০:৩০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে টানা তিন দিন ধরে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপবাসীর যাতায়াতে ভোগান্তি বাড়ার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন চলমান এইচএসসি পরীক্ষার্থীরা।

৫ জুলাই সন্ধ্যা পর্যন্ত সেন্টমার্টিন-টেকনাফ রুটে কোনো যাত্রীবাহী ট্রলার চলাচল করেনি। ৩ জুলাই থেকে বিরূপ আবহাওয়ার কারণে নৌপথে যাত্রী পরিবহন কার্যক্রম বন্ধ রয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে সোমবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীরা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছেন। সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। পাশাপাশি কোস্ট গার্ডের সহায়তায় পরীক্ষার্থীদের টেকনাফে পৌঁছানোর কোনো ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়েও আলোচনা চলছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী জানান, বৈরী আবহাওয়ার কারণে নৌপথে ট্রলার চলাচল আপাতত বন্ধ রয়েছে। সেন্টমার্টিনে অবস্থানরত পরীক্ষার্থীদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে আবহাওয়ার উন্নতি না হলে দ্বীপবাসীর যাতায়াত এবং পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন