শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মুক্তির দুই দিনেই বন্ধ ‘সতলুজ’-এর স্ট্রিমিং

প্রকাশিত - ০৬ জুলাই, ২০২৬   ১০:১১ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : মুক্তির মাত্র দুই দিনের মাথায় ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে দিলজিৎ দোসাঞ্জ অভিনীত বিতর্কিত সিনেমা ‘সতলুজ’। ভারতে আপাতত ছবিটির প্রদর্শন স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি আর দেখা যাবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম।

গত ৩ জুলাই ‘জি৫’-এ মুক্তি পায় সিনেমাটি। এর আগে দীর্ঘদিন ‘পাঞ্জাব ৯৫’ নামে পরিচিত এই ছবি সেন্সর জটিলতায় আটকে ছিল। পরে নাম পরিবর্তন করে ‘সতলুজ’ শিরোনামে মুক্তি দেওয়া হয়।

ওটিটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ছবিটির স্ট্রিমিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে তারা বলেছে, দর্শকদের কাছে সিনেমাটি আবার পৌঁছে দেওয়ার সম্ভাব্য উপায় খুঁজে দেখা হচ্ছে।

ছবিটি নির্মিত হয়েছে মানবাধিকারকর্মী যশবন্ত সিং খালরার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে। পেশায় তিনি ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা। ১৯৯০-এর দশকে পাঞ্জাবে বহু শিখ যুবকের নিখোঁজ ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ সামনে আনেন তিনি। ১৯৯৫ সালে তাঁকে অপহরণের পর হত্যা করা হয়। পরে এ ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়।

ছবিটি নির্মাণ শেষ হয় ২০২২ সালে। তবে শুরু থেকেই এটি বিতর্কের মুখে পড়ে। নির্মাতা হানি ত্রেহানের অভিযোগ, সেন্সর বোর্ড ছবিটি মুক্তির আগে ১২৭টি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল। ২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেটিও বাতিল হয়ে যায়।

দিলজিৎ দোসাঞ্জ বলেন, যশবন্ত সিং খালরার মানবিক সংগ্রাম তাঁকে এই চরিত্রে অভিনয় করতে অনুপ্রাণিত করেছে। তাঁর ভাষায়, এটি তাঁর অভিনয়জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল, কানওয়ালজিৎ সিং ও সুখবিন্দর ভিকি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন