২৪ঘণ্টা অনলাইন: সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন।
৬ জুলাই সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সৌদি ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন। সফরের সময়সূচি এখনও চূড়ান্ত না হলেও পারস্পরিক আলোচনার মাধ্যমে তা নির্ধারণ করা হবে।
হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশই এ সম্পর্ককে আরও গভীর ও কৌশলগত পর্যায়ে উন্নীত করতে আগ্রহী। ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ এবং তার বাংলাদেশ সফরের আগ্রহ দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বকে আরও স্পষ্ট করেছে।
তিনি আরও জানান, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করতে পারেন। এ সফর দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে গ্রীষ্মকাল শেষে সফরটি অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
