২৪ঘন্টা অনলাইন : টানা বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় ভয়াবহ পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় পৃথক দুটি ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানিয়েছেন, দুই ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে মিশনপাড়ার একটি বসতঘরের ওপর। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
হঠাৎ বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহায়তায় ধ্বংসস্তূপ সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর প্রায় দেড় ঘণ্টা পর একই এলাকায় আরেকটি পাহাড়ধসের ঘটনা ঘটে। মাটি ও ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে নিহত হন স্বামী-স্ত্রী মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫)। তারাও তখন ঘুমিয়ে ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢালগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নতুন করে পাহাড়ধসের আশঙ্কাও রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে বারবার অনুরোধ করা হলেও অনেকেই এখনো ঘর ছাড়তে অনিচ্ছুক।
প্রশাসন পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারী মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
