২৪ঘন্টা অনলাইন : দীর্ঘ অপেক্ষার পর আজ ৯ জুলাই প্রকাশ করা হচ্ছে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল। ফল ঘোষণার সব প্রস্তুতি শেষ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএস দুই উপায়েই ফল জানতে পারবেন।
আজ সকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।
এবার মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। এর মধ্যে ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ১৬ হাজার ৫০০ বেসরকারি (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী। মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি এবং ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর পরীক্ষায় অংশ নেয় ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে প্রায় ৫ লাখ ৫০ হাজার সরকারি এবং ৯০ হাজার বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। দেশের অধিকাংশ জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়।
যেভাবে ফল জানা যাবে
অনলাইনে:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস পোর্টালে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ফল ও মার্কশিট দেখা যাবে।
এসএমএসে:
মোবাইল ফোনেও ফল জানা যাবে। এ জন্য এসএমএসের নিয়ম ও কোড ফল প্রকাশের সময় অধিদপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।
বৃত্তির ধরন
এবার ট্যালেন্টপুল বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। আর সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ জন।
বর্তমান নিয়ম অনুযায়ী, ট্যালেন্টপুলের শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা এবং বছরে ২২৫ টাকা এককালীন অনুদান পাবে। পঞ্চম শ্রেণি পাসের পর টানা দুই বছর এ আর্থিক সুবিধা বহাল থাকবে।
