শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

৪৫০ কোটির ‘কিং’, সুহানার অভিষেকে শাহরুখের বড় চমক

প্রকাশিত - ০৯ জুলাই, ২০২৬   ১০:১৮ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। আসন্ন ছবি ‘কিং’-এ প্রথমবার তাঁর সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান। এটি সুহানার বড় পর্দায় অভিষেকও। ছবিটি চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তির লক্ষ্য নিয়ে নির্মাণ হচ্ছে।

পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। প্রযোজনা করছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। জানা গেছে, ছবিটির নির্মাণ ব্যয় প্রায় ৪৫০ কোটি টাকা। তবে এই বাজেটের মধ্যে প্রচার ব্যয় ও শাহরুখের পারিশ্রমিক ধরা হয়নি।

বর্তমানে ছবির শুটিং চলছে। প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন লোকেশনে শুটিং হবে। আগস্টে শুটিং শেষ হওয়ার পর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।

প্রযোজনা-সংশ্লিষ্ট সূত্রের দাবি, ছবির অ্যাকশন দৃশ্য নির্মাণে কাজ করছেন আন্তর্জাতিক স্টান্ট বিশেষজ্ঞরা। ভিএফএক্সেও থাকছে বিশেষ গুরুত্ব। এ দায়িত্বে রয়েছে রেড চিলিজের নিজস্ব ভিএফএক্স টিম। নির্মাতাদের লক্ষ্য, বলিউডে আগে দেখা যায়নি এমন মানের অ্যাকশন ও ভিজ্যুয়াল উপস্থাপন করা।

এটি শাহরুখের ক্যারিয়ারের অন্যতম ব্যয়বহুল সিনেমা। এর আগে ‘জওয়ান’ নির্মাণে প্রায় ৪০০ কোটি এবং ‘পাঠান’-এ প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয় হয়েছিল। সেই হিসেবে বাজেটের দিক থেকে ‘কিং’ দুটিকেই ছাড়িয়ে যাচ্ছে।

জানা গেছে, একসময় একই নামে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। তখন পরিচালক ছিলেন কবীর খান এবং প্রধান চরিত্রে থাকার কথা ছিল হৃতিক রোশনের। পরে প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় ছবির স্বত্ব রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছে চলে আসে।

‘কিং’-এ শাহরুখ ও সুহানা ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং খরাজ মুখোপাধ্যায়। ছবির সংগীত পরিচালনা করছেন সচিন-জিগর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন