শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

তিস্তা তীরে বন্যার আশঙ্কা

প্রকাশিত - ১০ জুলাই, ২০২৬   ১০:২১ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। লালমনিরহাটে ডালিয়া পয়েন্টে নদীর পানি এখন বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

৯ জুলাই সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ৫২ দশমিক ১৪ মিটার রেকর্ড করা হয়। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ভারতের উজানে ভারী বৃষ্টি ও দেশের অভ্যন্তরে টানা বর্ষণের কারণে নদীর পানি দ্রুত বাড়ছে। গত মাসেও তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে কয়েকটি এলাকায় স্বল্পমেয়াদি বন্যা হয়েছিল। এবারও একই ধরনের পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে।

ইতোমধ্যে তিস্তার চরাঞ্চলের ফসলি জমি ও কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গেছে। কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। অনেক এলাকায় নৌকা ও ভেলাই এখন যাতায়াতের একমাত্র ভরসা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থায়ী সংস্কার হয়নি। ফলে প্রতি বর্ষায় নতুন করে ভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হয়।

হলদিবাড়ী গ্রামের বাসিন্দা সহিদার রহমান বলেন, বিকেল থেকে পানি দ্রুত বাড়ছে। কয়েকটি বাড়িতে ইতোমধ্যে পানি ঢুকেছে। পরিস্থিতি নিয়ে নদীপাড়ের মানুষ আতঙ্কে রয়েছেন।

ঘোড়ামারা চরের বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শিশু, বৃদ্ধ ও গবাদিপশু নিয়ে দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি সাপ ও বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, পানি আরও বাড়লে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। তাই নদীতীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...